আমেরিকায় চাকরি পাওয়ার মাত্র এক সপ্তাহ! তার পরেই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু তেলেঙ্গানার যুবকের
আমেরিকায় উচ্চশিক্ষা শেষ করে সবে চাকরি পেয়েছিলেন। নতুন জীবন শুরুর স্বপ্ন দেখছিলেন তেলেঙ্গানার ২৫ বছরের যুবক ইরামাল্লা সাই তেজা। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। নিউ ইয়র্কের রাস্তায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর। জানা গিয়েছে, একটি হরিণ হঠাৎ রাস্তা পার হতে গিয়ে তাঁর গাড়ির সামনে চলে আসে। তার পরেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। পিছন থেকে আসা একটি মালবাহী গাড়ির ধাক্কায় প্রাণ হারান তেজা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ নিউ ইয়র্কের কানাজোহারির কাছে একটি হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। সেই সময় গাড়ি চালাচ্ছিলেন তেজা। আচমকাই একটি হরিণ রাস্তা পার হতে গিয়ে তাঁর গাড়ির সামনে চলে আসে। হরিণটির সঙ্গে ধাক্কা লাগার পর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। ঠিক সেই সময় পিছন থেকে আসা একটি মালবাহী গাড়ি তাঁর গাড়িতে সজোরে ধাক্কা মারে। এর পর পরপর আরও দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।সংঘর্ষে গুরুতর আহত হন তেজা। দ্রুত তাঁকে উদ্ধার করে সেন্ট মেরিস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই দুর্ঘটনায় আরও কয়েক জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।তেজার গাড়িতে থাকা এক যাত্রীও গুরুতর আহত হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁকে আকাশপথে অ্যাম্বুল্যান্সে করে আলবানি মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। মালবাহী গাড়িতে থাকা কয়েক জনও আহত হয়েছেন।তেজার মৃত্যুর খবর দেশে পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে। পরিবারের সদস্যেরা জানিয়েছেন, আমেরিকায় উচ্চশিক্ষা শেষ করার পর মাত্র এক সপ্তাহ আগেই চাকরি পেয়েছিলেন তিনি। নতুন চাকরি নিয়ে অনেক স্বপ্ন ছিল তাঁর। কিন্তু সব কিছু শুরু হওয়ার আগেই এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না পরিবারের লোকজন।পুলিশ ইতিমধ্যেই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। অন্য দিকে, শেষকৃত্যের জন্য তেজার দেহ ভারতে ফিরিয়ে আনার ব্যবস্থা করছেন পরিবারের সদস্যেরা।

